নোরা ফাতেহি আবারও বিতর্কের মুখে। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন গান ‘বডি রোল’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। গানটিতে নোরার সঙ্গে কাজ করেছেন ইয়ো ইয়ো হানি সিং।
গত শনিবার ইউটিউবে মুক্তি পাওয়া ‘বডি রোল’ অল্প সময়েই কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে। ভিডিওতে দেখা যায়, গয়নায় মোড়া এক রহস্যময় নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। জঙ্গলঘেরা পরিবেশ, স্বপ্নিল আবহ, ভারী সোনালি অলংকার ও নোরার নৃত্য— সব মিলিয়ে ভিডিওটি দ্রুতই দর্শকদের নজর কাড়ে।
তবে ভিডিও প্রকাশের পরই অনেক দর্শক এর সঙ্গে ‘জিবারো’ পর্বের বিস্ময়কর মিল খুঁজে পান। বিশেষ করে ভিডিওর শুরু অংশ, চরিত্রের পোশাক, অলংকার, দৃশ্য বিন্যাস এবং ক্যামেরার ব্যবহার নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জিবারো’ পর্বে দেখা যায়, এক স্প্যানিশ যোদ্ধা রহস্যময় এক সাইরেনসদৃশ নারীর মুখোমুখি হয়, যে হ্রদ থেকে উঠে আসে এবং সোনালি অলংকারে আবৃত থাকে। দর্শকদের মতে, ‘বডি রোল’-এর দৃশ্যায়নের সঙ্গে এই উপস্থাপনার মিল “অস্বাভাবিক রকমের কাছাকাছি”।
ইউটিউব ও ইনস্টাগ্রামে এ নিয়ে অসংখ্য মন্তব্য দেখা গেছে। কেউ লিখেছেন, “এটা পুরোপুরি ‘জিবারো’ ভাইব দিচ্ছে।” আবার কেউ সরাসরি একে “কপি” বলেও সমালোচনা করেছেন। কনটেন্ট নির্মাতারাও দুই ভিডিওর দৃশ্য পাশাপাশি রেখে তুলনামূলক ভিডিও প্রকাশ করেছেন, যা বিতর্ক আরও উসকে দিয়েছে।
তবে সবাই এটিকে নেতিবাচকভাবে দেখছেন না। দর্শকদের একটি অংশের মতে, এটি সরাসরি নকল নয়; বরং জনপ্রিয় ভিজ্যুয়াল স্টাইল থেকে নেওয়া অনুপ্রেরণা। যদিও সমালোচকদের দাবি, মূল কাজের প্রতি স্বীকৃতি না থাকলে সেটিকে শুধুই “ইনস্পায়ার্ড” বলা যায় না।
উল্লেখ্য, এর আগেও সঞ্জয় দত্ত–এর সঙ্গে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নোরা ফাতেহি। সেই গানের নাচ ও কথাকে ঘিরে অশালীনতার অভিযোগ ওঠে এবং পরে ক্ষমাও চাইতে হয়েছিল সংশ্লিষ্টদের।
এদিকে নতুন এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা হানি সিং কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে আলোচনা এখনও তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন— অনুপ্রেরণা আর অনুকরণের সীমারেখা আসলে কোথায়?














