৬ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপ্রু মার্মা (২৫) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পলাতক আসামি বুবু মার্মার কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত দুইতলা মাচাংঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। অভিযানকালে উপ্রু মার্মা নামে এক মহিলাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং-০৩ এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় এফআইআর নং-০৪ মূলে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উভয় মামলার তারিখ ৬ নভেম্বর ২০২৬। মামলা দুটির জিআর নম্বর যথাক্রমে ১৭৩ ও ১৭৪।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন