টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক রিমন রুদ্র, পরিষদ সচিব মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাইফুদ্দিন বাহাদুরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত এলাকার মানুষ যাতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষয়ক্ষতি ও মানুষের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক রিমন রুদ্র বলেন, টানা বর্ষণে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা প্রদান করায় স্থানীয় মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আলম কোম্পানি বলেন, দুর্যোগের এই সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে মানবিক ভূমিকা পালন করতে হবে।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, সাম্প্রতিক বন্যায় তাদের অনেকের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দুর্যোগের সময়ে এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।














