২৪ অক্টোবর ২০২৬

নাড়ির টানে বাড়ি ফিরছেন নগরবাসী, ফিরতি টিকিট মিলবে আজ

কোরবানির ঈদ সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। সড়কপথের যানজট ও ভোগান্তি এড়াতে স্বস্তির যাত্রা হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন ট্রেন। ফলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

শনিবার (২৪ মে) সকাল থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হলেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা।

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দেশব্যাপী পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এর অংশ হিসেবে রোববার (২৪ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুনের যাত্রার টিকিট। দুপুর ২টা থেকে রেলওয়ে পূর্বাঞ্চলগামী ট্রেনের ফিরতি টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

ঈদযাত্রার প্রথম দিন থেকেই চট্টগ্রাম স্টেশন হয়ে চলাচলকারী প্রায় সব আন্তঃনগর ট্রেনে যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী মহানগর গোধূলী এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে ছিল বাড়তি ভিড়। যাত্রীচাপ সামাল দিতে কয়েকটি ট্রেনে অতিরিক্ত বগিও সংযুক্ত করা হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্টরা বলছেন, ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত স্টেশনে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। প্রতিদিন ১৬ জোড়া আন্তঃনগর ট্রেনে প্রায় ১০ হাজার যাত্রী আসন নিয়ে ভ্রমণ করতে পারবেন। এছাড়া ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ঈদ উপলক্ষে অগ্রিম, স্পেশাল ও স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজারের বেশি যাত্রী ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। এছাড়া ঈদের দুইদিন আগে থেকে চট্টগ্রাম-চাঁদপুরসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালু করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ