২১ সেপ্টেম্বর ২০২৬

নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ নেতকর্মীদের ধাক্কাধাক্কি

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডাইভার্সিটি প্লাজায় রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ানো বিএনপির কর্মীদের সরিয়ে দেয় নিউ ইয়র্ক পুলিশ।

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ ঘটনা ঘটে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা এদিন ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একইসময়ে কাছাকাছি দূরত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দিতেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও গালিগালাজ শুরু হয়। এরমধ্যে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন আওয়ামী লীগের কর্মীরা। এ উত্তেজনার মধ্যে পুলিশ এসে উভয়পক্ষকে সরিয়ে দিয়ে মাঝখানে অবস্থান নেন।

বিএনপির টানানো ব্যানার ছিড়ে ফেলে আওয়ামী লীগের কয়েকজন।

বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন জানিয়েছেন, সোমবার জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির শতশত নেতাকর্মী।

আরও পড়ুন