জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে ‘নীরবে একটি বিপ্লব’ ঘটতে যাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবে এনসিপি।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। বিএনপি সরকারে এসে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। ওয়াসিম, আবু সাঈদ ও মীর মুগ্ধরা যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিল, বিএনপি এখন সেই জায়গা থেকে সরে আসছে।’
তিনি দাবি করেন, বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী এনসিপির প্রতি সমর্থন জানাচ্ছেন। তিনি বলেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করছে। তারা বলছে, ১৭ বছর শ্রম-ত্যাগ করেও দলটি এখন আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।’
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। মানুষকে সংগঠিত করতে হবে। নীরবে একটি বিপ্লব ঘটে যাচ্ছে। প্রত্যেকটি কমিটি ও রাজনৈতিক কর্মীর কাছে এনসিপির দাওয়াত পৌঁছে দিতে হবে।’
এনসিপির এ নেতা বলেন, ‘চট্টগ্রাম থেকে যেভাবে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, তেমনি চট্টগ্রামে এনসিপির যে বসন্ত শুরু হয়েছে, সেটি দেশের প্রতিটি জেলা-উপজেলা, হাট-মাঠ-ঘাটে ছড়িয়ে যাবে।’
নারী নেতৃত্বের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনে চট্টগ্রামের বহু নারী রাস্তায় নেমেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের সংগঠিত রাখা যায়নি।’ নারী নেত্রীদের পুনর্গঠিত করে রাজনীতিতে সক্রিয় করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুনর্গঠনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব।’













