২৩ অক্টোবর ২০২৬

পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক টমটমযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইসমাঈল (৬০) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাইয়ের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব দে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দের ছেলে। তিনি স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক ভাইয়ের দিঘী এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায়। এ সময় টমটমে থাকা সজীব দে ও মো. ইসমাঈল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব দেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের প্রতিবেশী অভি দে জানান, সোমবার হাইদগাঁওয়ের সাতগাউছিয়া দরবার এলাকায় ডেকোরেশনের কাজ শেষ করে টমটমে করে বাড়ি ফিরছিলেন সজীব। ভাইয়ের দিঘী পাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সজীব দের দুই ছেলে সন্তান রয়েছে বলেও জানান তিনি।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ