২৬ নভেম্বর ২০২৬

পটিয়ায় পুলিশ-ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, মারধর

চট্টগ্রামের পটিয়ায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে মারধর এবং পকেট থেকে ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ঘটনার চার দিন পর বুধবার (২৫ নভেম্বর) পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা এলাকার কৃষ্ণের চায়ের দোকানসংলগ্ন একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। ওই রাতে পরিচিত বরুন (৫৩) ও মো. বেলালকে (২৮) সঙ্গে নিয়ে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার পর সেখানে বসে গল্প করছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় অভিযুক্তদের মধ্যে প্রথম তিনজন পেছন থেকে এসে নিজেদের পুলিশ ও ডিবি সদস্য পরিচয় দিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে বসতঘর থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন অভিযুক্তরা। এ সময় তাঁর শার্টের পকেটে থাকা ৪ হাজার ২০০ টাকা নিয়ে যান তাঁরা। বাকি টাকা পরদিন সকালের মধ্যে পরিশোধ না করলে প্রাণে হত্যা, লাশ গুম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ মিয়া মাস্টারের বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি জমি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত। তাঁর দাবি, অভিযুক্তরা ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিজের অনুসারী হওয়ায় প্রভাবের ভয়ে ঘটনার পর এত দিন মুখ খোলেননি। তবে প্রাণনাশের হুমকির কারণে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগকারীকে নিয়ে মাদকসংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর সালিশি বৈঠক হয়েছিল। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরাই ওই বৈঠকের আয়োজন করেছিলেন। মূলত ওই বিষয়কে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। পুলিশ পরিচয়ে কেউ অপরাধ করে থাকলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন