৩০ অক্টোবর ২০২৬

পটিয়ায় সিএনজি চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. জাহিদুল ইসলাম (২৮), মো. মিজান (২৫), মো. জোবায়ের (২৩) ও মো. আব্দুল্লাহ (২২)। তারা সবাই কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর (ভাইয়ের দিঘীর পাড়) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাত আড়াইটার দিকে আজিমপুর ভাইয়ের দিঘীর পাড় এলাকায় মো. শহিদুল আলমের বসতবাড়ির সামনে থেকে তাঁর মালিকানাধীন অনটেস্ট বাজাজ থ্রি-হুইলার ফোর-স্ট্রোক সিএনজি অটোরিকশাটি চুরি হয়। চুরি যাওয়া অটোরিকশাটির আনুমানিক মূল্য চার লাখ টাকা।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হকের নেতৃত্বে এবং রাত্রিকালীন সিয়েরা-১০ ডিউটিতে থাকা এসআই (নিঃ) সমীর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অনুসন্ধান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয়দের সহযোগিতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, চুরির কয়েক দিন পর তারা অটোরিকশাটি আনোয়ারা থানা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে পটিয়া থানায় মামলা হয়েছে। চুরি যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার এবং এর সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন