জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
বুধবার (৫ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আসলাম চৌধুরী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের অবসান ঘটেছে। আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে ধারণ করে যেকোনো ধরনের অরাজকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে হবে।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ইতিবাচক রাজনীতি এবং উন্নয়নমুখী কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আসলাম চৌধুরী আরও বলেন, ‘কথা নয়, কাজ— সবার আগে বাংলাদেশ।’ এই আদর্শকে সামনে রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও আহ্বান জানান তিনি।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর, মোজাহের উদ্দিন আশরাফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।














