বাংলাদারা প্রতিবেদন»
কাপ্তাইয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে পাওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। মহিলার নাম হাছিনা বেগম সুমি (৩০)। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মৃত মো. আশরাফ আলীর মেয়ে।
রবিবার (১৩ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন ।
এসময় তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি ।
এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা বেগম, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহীনুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে রবিবার নিহত সুমির মা আমেনা বেগম কাপ্তাই থানায় দুইজনের নামসহ মোট অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত শনিবার (১২ মার্চ) উপজেলার বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটে একটি বোরখা পরিহিত কিছু দেখতে পেয়ে আতংকিত হয় শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের দপ্তরী ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এটি একটি মহিলার লাশ। তৎক্ষনাৎ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। ওই মহিলার লাশটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন ছিলো।













