১০ অক্টোবর ২০২৬

পুরনো কমিটিতেই আস্থা যুবদলের, দুই বছর পর চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল

বিলুপ্ত করার প্রায় দুই বছর পর চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাঁদের নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি মোহাম্মদ শাহেদ আকবর বলেন, কমিটি পুনর্বহাল করায় সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা খুশি। সংগঠনের ত্যাগী ও রাজপথে পরীক্ষিত নেতাদের ওপর কেন্দ্রের আস্থা রয়েছে। সংগঠনকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করা হবে।

তিনি এ সিদ্ধান্তের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

পরে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের পাশাপাশি এর অধীন সব থানা ও ওয়ার্ড কমিটিও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। প্রায় দুই বছর পর মঙ্গলবার এসব কমিটি পুনর্বহাল করা হলো।

আরও পড়ুন