চট্টগ্রামের মিরসরাই উপজেলার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’র স্থানান্তরিত নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিরসরাই সদরস্থ নবী সওদাগর মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। পরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শাহেদ নূর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. খাইরুল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক রুহী মোস্তফা, পরিচালক গোলাম রব্বানী, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ ভূইয়া ও সাবেক সভাপতি নুরুল আলম।
উদ্বোধকের বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. খাইরুল মোস্তফা বলেন, সুন্দর সমাজ গঠনে তরুণদের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ‘প্রজন্ম মীরসরাই’ শুরু থেকেই শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় নিজেদের অবস্থান তৈরি করেছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে এলাকার কল্যাণে আরও বেশি কাজ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ‘প্রজন্ম মীরসরাই’ শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
তিনি বলেন, তরুণদের এই ঐক্য সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের পৃষ্ঠপোষক রুহী মোস্তফা নারী জাগরণ ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে একটি আলোকিত ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। নারীর মেধা ও সক্ষমতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, তরুণ সংগঠনগুলো যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করলে নারীর অধিকার ও অগ্রগতির পথ আরও সুগম হবে। ‘প্রজন্ম মীরসরাই’র কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্ষমতায়নে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয় বড়ুয়া আদি, সহ-অর্থ সম্পাদক সাদেক হোসেন রোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাদশা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশান কুমার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, কার্যকরী সদস্য হাসান সাকিব ও কাজী তানজিম ইবনে মাইনুল এবং সদস্য ফারহান তানভীর শুভ, ইমাম হোসেন ও মো. ইয়াসিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।














