চট্টগ্রামের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যকে শিল্পের কাঁচামালে রূপ দিয়ে সবুজ শিল্পায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তা হামিদ হাসান আলভি। পরিবেশ সুরক্ষার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখায় এবার জাতীয় স্বীকৃতি পেয়েছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্জন করেছে ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ পুরস্কার।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান হামিদ হাসান আলভির হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
জাতীয় স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত আলভি তাঁর এই অর্জন উৎসর্গ করেছেন প্রতিষ্ঠানের কর্মী ও মাঠপর্যায়ে প্লাস্টিকের বোতল সংগ্রহকারী শ্রমিকদের। সবুজ শিল্পের বিকাশে অর্থায়ন ও নীতি সহায়তার জন্য এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বর্জ্যেই খুঁজেছেন সম্ভাবনা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তান হামিদ হাসান আলভি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন তিনি। প্রচলিত কর্মজীবনের বাইরে গিয়ে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার স্বপ্ন নিয়ে শুরু করেন উদ্যোক্তা-জীবন।
যে প্লাস্টিকের বোতল একসময় নদী, খাল কিংবা সড়কের পাশে আবর্জনা হয়ে পড়ে থাকত, সেই বোতলকেই তিনি পরিণত করেছেন রপ্তানিযোগ্য শিল্পের কাঁচামালে। তাঁর উদ্যোগে পরিত্যক্ত প্লাস্টিক পাচ্ছে নতুন জীবন, তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ।
ইউরোপে যাচ্ছে চট্টগ্রামের প্লাস্টিক
সীতাকুণ্ডে প্রায় দুই লাখ বর্গফুট জায়গাজুড়ে গড়ে উঠেছে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা। পাঁচ বছর ধরে এখানে আধুনিক হট-ওয়াশ প্রযুক্তিতে ব্যবহৃত পিইটি (PET) প্লাস্টিকের বোতল প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের রিসাইকেলড পিইটি (আরপিইটি) ফ্লেক্স।
কারখানাটির উৎপাদিত এসব কাঁচামাল রপ্তানি হচ্ছে স্পেন, ইতালি, জার্মানি, লিথুয়ানিয়া ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে। বছরে প্রায় ১৪ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার এই শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের।
পরিবেশবান্ধব উৎপাদনে গুরুত্ব
শুধু প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার নয়, উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পরিবেশের ওপর প্রভাব কমানোর বিষয়টিও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। কারখানায় ব্যবহার করা হচ্ছে ২৪০ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা। পাশাপাশি পানি পুনর্ব্যবহারে রয়েছে ক্লোজড-লুপ প্রযুক্তি এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকল্প বায়োমাস।
প্লাস্টিক পুনর্ব্যবহার-সংক্রান্ত ইউরোপীয় আন্তর্জাতিক মানের সনদও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের মতে, আলভির এই উদ্যোগ পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনাও তৈরি করছে। ফেলে দেওয়া প্লাস্টিককে শিল্পসম্পদে রূপান্তরের এই উদ্যোগ বাংলাদেশের সবুজ অর্থনীতি ও টেকসই শিল্পায়নের পথে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।













