১০ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ, ৪ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিবিরহাট বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং অবৈধ ভারতীয় ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় রাকিব ফার্মেসিকে ১০ হাজার টাকা, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার টাকা, করিম ড্রাগ হাউসকে ৫০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা অবৈধ, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং বাজারে সুশাসন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন