৩১ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে শতবর্ষী কবরস্থানের মাটি লুটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

চট্টগ্রামের ফটিকছড়িতে শতবর্ষী একটি কবরস্থান থেকে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চানপুর মৌজায় অবস্থিত ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত ‘কবরস্থান’ শ্রেণির জায়গাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রাচীন কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ওই কবরস্থান থেকে ভেকু (এস্কাভেটর) দিয়ে রাতের বেলায় মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মতিউর রহমান লিয়াকত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কবরস্থানের বিভিন্ন অংশ থেকে মাটি অপসারণ করছেন। এতে কবরস্থানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক পুরনো কবরের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে দাবি এলাকাবাসীর।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সরকারি রেকর্ডভুক্ত কবরস্থানের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার মাধ্যমে জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতির চরম অবমাননা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম আজাদ বলেন, ‘এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত একটি পবিত্র স্থান। রাতের আঁধারে কবরস্থানের মাটি কেটে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মতিউর রহমান লিয়াকত। তিনি বলেন, ‘রাতের অন্ধকারে কারা মাটি কাটছে, তা আমি জানি না। তবে জায়গাটি আমাদের পূর্বপুরুষদের সময় থেকে ভোগদখলে রয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন