২৩ অক্টোবর ২০২৬

ফটিকছড়ির চা বাগানে গাছে ঝুলছিল শ্রমিকের লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি সুজানগর চা বাগান থেকে সনিরাম উরাং (৪২) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকালে বাগানের একটি মেহগনি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সনিরাম উরাং হারুয়ালছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর লাইন কলোনি সুজানগর চা বাগানের মৃত সমরা উরাংয়ের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সনিরামের মেয়ে শ্রাবণী উরাং (১৫) ঘুম থেকে উঠে বসতঘরের পাশের মেহগনি গাছে বাবার লাশ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সনিরাম উরাংয়ের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতে গৃহপালিত গরু বিক্রি করা নিয়ে তাদের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়। এর পর ক্ষোভ ও অভিমানে তিনি ঘর থেকে বের হয়ে যান এবং রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, ‌‘পারিবারিক কলহের জেরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।’

ঘটনাস্থল পরিদর্শনকারী ভূজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

স্থানীয়দের দাবি, চা বাগান এলাকায় শ্রমিকদের পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো নিরসনে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ