২০ সেপ্টেম্বর ২০২৬

ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদ

ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য, মানহানিকর ভিডিও প্রচার এবং হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এবং রিজিওনাল হেড ফোরাম, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড ফোরাম, চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি অনলাইন মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা অভিযোগ করেন, ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ও পুলিশ প্রশাসনের যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার ও হয়রানির ঘটনা পুরো পেশাজীবী সমাজকে ক্ষুব্ধ করেছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রিজিওনাল হেড ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন, সহ-সভাপতি আহসানুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং প্রধান উপদেষ্টা আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া চট্টগ্রাম মহানগর ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, দক্ষিণ জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ বিভিন্ন উপজেলা, জেলা ও ইউনিট ম্যানেজার ফোরামের নেতাকর্মী ও বৃহত্তর চট্টগ্রামে কর্মরত ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন থেকে অবিলম্বে মানহানিকর বক্তব্য প্রত্যাহার, বিভ্রান্তিকর ভিডিও অপসারণ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো ফার্মাসিউটিক্যালস প্রতিনিধি বা কর্মকর্তাকে হয়রানি না করার দাবি জানানো হয়।

পরিশেষে বক্তারা বলেন, পেশাগত মর্যাদা ও ন্যায়সঙ্গত দাবির প্রশ্নে ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

আরও পড়ুন