২০ সেপ্টেম্বর ২০২৬

ফিনলে স্কয়ারে ডিবির অভিযান: ১৭ লাখ টাকার ‘ক্রিস্টাল আইস’সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। বিশেষ অভিযানে ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল আইস’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ মে ) ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ মহানগরের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ফিনলে স্কয়ার ভবনের সপ্তম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এ অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম সাদা রঙের ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও মো. আবু ফয়সাল (২৬)। তারা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা হলেও নগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক সংগ্রহ করে নগরে বিক্রির জন্য মজুত করা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন