২০ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুকে নবীকে (সা.) নিয়ে কটূক্তি, আ.লীগ নেতার শাস্তির দাবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী এবং সঞ্চালনা করেন মাওলানা আবদুর রহিম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বরুমছড়া এলাকার প্রবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন। তারা বলেন, এ ধরনের মন্তব্য মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ‌‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের হৃদয়ের স্পন্দন। তাঁকে নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য কখনো সহ্য করা হবে না।’

তারা আরও বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।’

সমাবেশে ভারতসহ বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনাও করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। অভিযুক্ত ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে জানা গেছে, তিনি পরিবারসহ বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সমাবেশে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন