২৩ অক্টোবর ২০২৬

বন্যার্তদের কষ্ট লাঘবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার— আনোয়ারায় রিজভী

বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোথাও যেন খাদ্য ও ওষুধের সংকট না হয়, সে বিষয়ে প্রশাসনকে সার্বক্ষণিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দুর্গত মানুষের কষ্ট লাঘবে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও নিজ নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে এবং প্রশাসনও এ লক্ষ্যে কাজ করছে।

এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম শহর, গ্রামাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামে খাল ও কালভার্ট দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম চলছে। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মো. ফোরকানের অর্থায়নে কয়েক শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ