বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত শিল্প ও বাণিজ্যনীতির ৫টি বিষয়কে অযৌক্তিক আখ্যা দিয়ে নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৫ নভেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরা হয়।সর্বশেষ খবর
ওয়াশিংটনের অভিযোগ— শিল্পনীতি, উৎপাদনে প্রণোদনা, শ্রমিক অধিকার সুরক্ষায় দুর্বলতা, আর্থিক নীতি এবং অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ ৫টি কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন বাণিজ্য ও অর্থনীতি। বিশেষ করে তৈরি পোশাক খাতকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
যে পাঁচ কারণে বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
প্রথমত, বাংলাদেশের শিল্পনীতি। বিশেষ করে গুরুত্বপূর্ণ খাতে উৎপাদনশিল্প ধরে রাখা ও সম্প্রসারণের পরিকল্পনাকে অযৌক্তিক বলছে ওয়াশিংটন। শিল্প সম্প্রসারণ নীতি বলতে গুরুত্বপূর্ণ শিল্পকে সরকারি সহায়তা দিয়ে টিকিয়ে রাখা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাকে বোঝানো হয়। যুক্তরাষ্ট্রের আপত্তি হলো, এমন নীতি বাজারে অসম প্রতিযোগিতা ও অতিরিক্ত উৎপাদনের ঝুঁকি তৈরি করতে পারে।
দ্বিতীয়ত, উৎপাদন ও রপ্তানি বাড়াতে দেওয়া বিভিন্ন প্রণোদনা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব সুবিধার কারণে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকরা বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে বাণিজ্যিক সুযোগ হারাচ্ছেন।
তৃতীয়ত, শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকা। দেশটির মূল্যায়ন, বাংলাদেশ শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
চতুর্থত, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি। এটি মূলত বাজারের স্বাভাবিক পরিস্থিতির বাইরে গিয়ে সুদের হার নির্ধারণ, ঋণ বিতরণে হস্তক্ষেপ, বিনিয়োগের ওপর বিধিনিষেধকে নির্দেশ করে।
আর পঞ্চমত, বিশ্ববাজারে অতিরিক্ত উৎপাদন ও উৎপাদন সক্ষমতার সমস্যা মোকাবিলায় ব্যর্থতা। বিশেষ করে বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে এ সমস্যা আরও বাড়ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
মার্কিন মূল্যায়নে, এসব কারণে দেশটির উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, অ-বাজার অর্থনীতির উৎস থেকে প্রয়োজনীয় শিল্প উপকরণের ওপর নির্ভরতা বাড়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।
বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতের কথা আলাদাভাবে উল্লেখ করেছে ওয়াশিংটন। এসব অভিযোগের ভিত্তিতেই বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।













