২৪ অক্টোবর ২০২৬

বাজেট ঘোষণায় অদক্ষতার পরিচয় দিয়েছে সরকার— কক্সবাজারে হামিদ আযাদ

কক্সবাজারের উন্নয়নে চলতি বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ও এগারো দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, বাজেট ঘোষণার মাধ্যমে সরকার অদক্ষতার পরিচয় দিয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত ‘কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদ আযাদ বলেন, নির্বাচনের আগে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও মৌলিক কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। বরং সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি কক্সবাজার সফর করলেও জেলার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো ঘোষণা দেননি, যা স্থানীয় জনগণকে হতাশ করেছে। একই সঙ্গে সোনাদিয়া এলাকায় ম্যানগ্রোভ বন ধ্বংসের বিষয়েও সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

ড. হামিদ আযাদ আরও বলেন, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি ও বিদ্যুৎ হাব, পর্যটন শিল্প এবং ব্লু-ইকোনমির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাজেটে কক্সবাজার বরাবরই অবহেলিত বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করা হয়েছে, যা জবাবদিহিতা কমিয়ে দেবে। পাশাপাশি কক্সবাজারের উন্নয়নে প্রণীত মাস্টারপ্ল্যান স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করেই ঢাকায় বসে তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার উন্নয়ন বৈষম্যের শিকার। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি জলাবদ্ধতা, যানজট ও স্বাস্থ্যসেবার সংকট জনদুর্ভোগ বাড়িয়েছে। ঈদগাঁও উপজেলা ঘোষণার পাঁচ বছর পার হলেও সেখানে এখনো স্থায়ী অবকাঠামো গড়ে ওঠেনি বলেও তিনি উল্লেখ করেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেন, কক্সবাজার জাতীয় রাজস্বে উল্লেখযোগ্য অবদান রাখলেও উন্নয়নে বঞ্চিত হচ্ছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং চকরিয়ায় যানজট নিরসনে বিকল্প সড়ক বা ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তিনি।

অন্যদিকে কক্সবাজার-৪ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, টেকনাফ-উখিয়া এলাকা অপহরণ ও হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র প্রবেশ বেড়েছে, যা উদ্বেগজনক। নাফ নদীতে মাছ ধরা এবং শাহপরীর দ্বীপ করিডোর পুনরায় চালুর দাবিও জানান তিনি।

জেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মো. সিরাজুল ইসলাম, জেলা যুব জামায়াতের সভাপতি কামরুল হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ