চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকার কালু মুন্সীর বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খন্দকার পাড়ার একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি বসতঘরের উত্তর পাশে দেওয়ালের সঙ্গে থাকা হাসনাহেনা ফুলগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৭৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।













