চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক মোহাম্মদ হাসান ওরফে রাজু হত্যা ঘটনায় দুই দিন পর মামলা দায়ের হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে নিহত রাজুর মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজুর পরিবারের সদস্যরা থানায় এসে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশের ধারণা, রাউজানে যুবদলকর্মী নাসির উদ্দিন হত্যা মামলার জেরে প্রতিশোধমূলকভাবে রাজুকে হত্যা করা হতে পারে। নিহত রাজু ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
জানা গেছে, ২৬ এপ্রিল রাউজানে যুবদলকর্মী নাসির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত নাসিরের পরিবারের সদস্যরা দাবি করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজুও ছিলেন। পরে তাকে ওই মামলার আসামি করা হয়। নাসির রাউজানে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজু বোনের বাসায় অবস্থান করছিলেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে তিনি বাসা থেকে বের হয়ে গলির মুখে পৌঁছালে মুখোশধারী ৩-৪ যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় জীবন বাঁচাতে রাজু পালানোর চেষ্টা করেন। তবে দুর্বৃত্তদের গুলিতে তার শরীর ঝাঁঝরা হয়ে যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদের শহীদ মিনার গলিতে এ হামলার ঘটনা ঘটে। এতে রাজু নিহত হন। একই ঘটনায় রেশমি আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।














