চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতার ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের কয়েক ঘণ্টা পর একই এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করা হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোর ৫টার দিকে ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জনের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ জানিয়েছে, মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তি কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও ওঠে। পরে মোটরসাইকেলে করে তারা হাটহাজারীর দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে রাউজান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ারের আগুন নেভায় এবং সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তায় তাঁরা এলাকায় পাহারায় ছিলেন। এক অটোরিকশাচালকের মাধ্যমে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা দেন। তবে তাঁরা পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে তাদের ধরা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, রাউজানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। ছত্তার ব্রিজ এলাকায় কয়েকজন ব্যক্তি টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। সেখান থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গুলি ছোড়া হয়ে থাকতে পারে, তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে ওসি বলেন, মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। তাঁর ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ছেলেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।













