অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বিয়ে ও সন্তান প্রসঙ্গে নারীদের প্রতি সমাজের অতিরিক্ত কৌতূহল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রভা বলেন, ভক্তদের সঙ্গে সুন্দর মুহূর্ত অনেক সময় বিব্রতকর হয়ে ওঠে শুধুমাত্র ব্যক্তিগত প্রশ্নের কারণে। তিনি বলেন, ‘হঠাৎ করেই যদি কেউ প্রশ্ন করেন— আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’
বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার ইচ্ছার বিষয় উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘এসব মানুষের নিয়ন্ত্রণে নয়।’ তার ভাষায়, ‘জন্ম, মৃত্যু আর বিয়ে— এই তিনটি জিনিস আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে তা হবেই।’
সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল প্রকাশের সমালোচনা করে প্রভা বলেন, একজন নারী যতই আধুনিক বা ক্যারিয়ার সচেতন হোক না কেন, তারও নিজের মতো করে সংসার ও জীবনের স্বপ্ন থাকে। তাই এমন সংবেদনশীল বিষয়ে প্রশ্ন করার আগে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ‘যে মেয়েটি সবচেয়ে আধুনিক, তারও মনে স্বামী-সন্তান নিয়ে ছোট্ট একটি সংসারের স্বপ্ন থাকে। আবার যারা ভাঙা সম্পর্ক বা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। তাই এ ধরনের প্রশ্ন মানুষকে আরও আঘাত দেয়।’
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভার অভিনীত ওয়েব সিরিজ পাপ কাহিনী ২। এতে আরও অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, শাহরিয়ার নাজিম জয় ও ইমতিয়াজ বর্ষণ।














