৩ মে ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আজ (৩ মে), সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।”

দিবসটি উপলক্ষে দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সংগঠনসহ সংশ্লিষ্ট মহল পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।

ইতিহাস বলছে, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে এ দিবস পালনের সুপারিশ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এছাড়া সকাল সাড়ে ৯টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকের দিনে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ করা হয়।

আরও পড়ুন