৪ মে ২০২৬

বোনকে বিয়ের অস্বীকৃতি, রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি »

বোনকে বিয়ের অস্বীকৃতি জানায় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থীশিবিরে রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রহিম উল্লাহ কুতুপালং শিবিরের ডি ব্লকের বাসিন্দা আবদুস ছালামের ছেলে। অপর রোহিঙ্গা শহিদুল্লাহরও তরুণী বোনকে বিয়ে করতে অসম্মতি জানানোয় রহিম উল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে শরণার্থীশিবিরের দুই নাম্বার স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম উল্লাহ। এ সময় একই শিবিরের বাসিন্দা শহিদুল্লাহর নেতৃত্বে কয়েকজন যুবক হঠাৎ তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় অপর রোহিঙ্গারা গুরুতর আহত রহিম উল্লাহকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল্লাহর ছোট বোনের সঙ্গে রহিম উল্লাহর বিয়ে হওয়ার কথা ছিল। রোববার রোহিঙ্গা অনুপ্রবেশের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন শহিদুল্লাহ ও রহিম উল্লাহ।

সেখানে বিয়ের কথা নিয়ে দুজনের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরপর রাতে ছুরিকাঘাত করে রহিম উল্লাহকে হত্যা করা হয়। নিহত রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শহিদুল্লাহসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রেখেছে পুলিশ

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন