চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত এহতেশামুল হকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে অঞ্জলী রানী দেবীকে কুপিয়ে হত্যা করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তার স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়।
এরপর ২০২১ সালের ১২ মে মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় অভিযোগ করা হয়, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাবুল আক্তার তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন।












