২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত আয়াতুল ইসলাম সাইহান শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকগুল সওদাগরের বাড়ির প্রবাসী মমতাজ আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাইহান পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, দুপুর ১টার পর পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহানের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন