চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, অভিযানে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে মো. বেলায়েত হোসেন (২৫), শ্রীপুর-খরণদ্বীপ এলাকা থেকে মুন্না তালুকদার (২৪) ও সুজন তালুকদারকে (২৫) আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবন করে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অভিযোগ রয়েছে।
পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
ওসি মো. মোজাফফর হোসেন জানান, সাজাপ্রাপ্তদের বিধি অনুযায়ী যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।














