৩০ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে ‘স্টার্টআপ শোকেসিং’, তরুণদের উদ্ভাবনী ভাবনায় নতুন সম্ভাবনা

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এক মঞ্চে তুলে ধরতে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে ১৭টি দল বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি স্টল পরিদর্শন শেষে বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আগামীর আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে সরকারের এই উদ্যোগ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান, বিএনপি নেতা আজিজুল হক, মো. শওকত আলম, ইছাহাক চৌধুরী, হামিদুল হক মন্নান, শহিদুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বিচারকদের মূল্যায়নে অংশগ্রহণকারী ১৭টি দলের মধ্যে সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রথম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী প্রতিষ্ঠানগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, প্রকৌশলী রণি সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।

আরও পড়ুন