বাংলাধারা ডেস্ক »
মাগুরায় শ্রীপুর উপজেলার হরিন্দি গ্রামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রিনা বিশ্বাস নামে এক গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। রিনা বিশ্বাস মৎস্য ব্যবসায়ী সরোজিৎ বিশ্বাসের স্ত্রী।
রিনা বিশ্বাসের পুত্রবধূ কল্পনা রাণি জানান, বুধবার রাত ৯টার দিকে অপি তার কাছ থেকে নেওয়া টাকার বিপরীতে পাওনা সুদের টাকার জন্যে বাড়িতে এলে তিনি দুশ্চিন্তায় ভেঙে পড়েন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
বিষয়টি জানতে পেরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, রিনা তার স্বামীর ব্যবসায়িক কাজের জন্য আশা এনজিও থেকে ৩০ হাজার, সরকারের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) থেকে ৪০ হাজার এবং অপি নামে স্থানীয় এক সুদ কারবারির কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন।
কিন্তু দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণের কিস্তির পাশাপাশি সুদে কারবারির সাপ্তাহিক সুদের টাকা পরিশোধ করা তাদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। অথচ এসব ঋণের জন্যে প্রায় কেউ না কেউ বাড়িতে ধরনা দেয়, যা নিয়ে রিনা বিশ্বাস মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘ঋণের কারণে রিনা বিশ্বাসের মৃত্যুর বিষয়ে আমরা কোনও অভিযোগ পাইনি। তারপরও আমরা বিষয়টি জানতে তৎপরতা চালাচ্ছি।’
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












