২৫ সেপ্টেম্বর ২০২৬

মাদারবাড়িতে ছুরিকাঘাতে যুবক খুন, মাদক কারবারের বিরোধে হত্যার সন্দেহ

চট্টগ্রা‌মের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ছুরিকাঘাতে শাহীন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলির আব্দুল সালাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পরে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহীন পশ্চিম মাদারবাড়ীর ইয়াসিন গলি, মোগলটুলি এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল হকের ছেলে। তার মায়ের নাম মৃত আমেনা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত কারণে শাহীনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নিহত শাহীন খুচরা পর্যায়ের মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাকে ছুরিকাঘাতকারী সন্দেহভাজন ব্যক্তিও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল আশেক বলেন, ‘শাহীন নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাক্তি। আহত শাহীনকে হাসপাতালে নিয়ে আসেন পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা দিদার (২৮)। তিনি আক্তারুজ্জামানের ছেলে এবং পশ্চিম মাদারবাড়ির ২ নম্বর গলির আলম মঞ্জিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ