৭ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে জেরিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন ও শ্বশুর শেখ আহম্মদ। তারা এ মামলার এজাহারনামীয় যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি। নিহত জেরিন মিরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিন আক্তারকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জোরপূর্বক বিষপান করান বলে অভিযোগ করে জেরিনের পরিবার।

বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির আহম্মদের নেতৃত্বে পুলিশ সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি ওহিদুন নবী তুহিন ও শেখ আহম্মদকে গ্রেপ্তার করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জেরিনের পরিবারের দায়ের করা হত্যা মামলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন