২ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে বাড়ির দরজায় মিলল পলিথিনে মোড়ানো নবজাতক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি বাড়ির প্রধান দরজার সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সংকটাপন্ন অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির মালিক মীর হোসেনের পরিবারের সদস্যরা ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর ব্যাগটির ভেতর থেকে কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে ব্যাগ খুলে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে সেখানে ফেলে রেখে গেছে কেউ। শিশুটির নাড়ি তখনও কাটা হয়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নবজাতকটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন।

শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক বলেন, ‘শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।’

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটিকে এভাবে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন