চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা লুটের ঘটনায় ৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুটের টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো সাবেক সেনা সদস্য ও মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেন বাবু (২৯) এবং সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামের ‘জালালিয়া চিকেন সাপ্লাই’ নামের একটি প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা মুরগি কিনতে মিঠাছরা বাজারে আসেন। এ সময় অভিযুক্তরা কৌশলে তাদের সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। এসময় সন্দেহভাজন হিসেবে নাহিদ হোসেন বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নাহিদ হোসেন বাবু পুলিশকে জানান, লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে তিনটি রামদা, নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, দুটি কালো মুখোশ, দুটি ক্যাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, ‘ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’












