মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হলেও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন নেতাকর্মীদের প্রতি শান্ত ও দায়িত্বশীল অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) তিনি এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিরসরাই উপজেলায় এদিন কোনো দলীয় কর্মসূচি ছিল না। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। পরে তার মরদেহ মিরসরাইয়ের ধুম গ্রামে নেওয়া হয়, যেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
জানাজার সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির এক অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তি। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।’ এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সুমু বলেন, ‘আজ চট্টগ্রামবাসীর জন্য অনেক কষ্টের দিন। দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আমার বাবা চট্টগ্রামের জন্য আজীবন কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
জানাজাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। মসজিদ প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং প্রবেশপথে তল্লাশিও চালানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।














