চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
জানা গেছে, সরকারি দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে আবুতোরাব এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাইয়ের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, সকালে একটি তদন্তসংক্রান্ত কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা আসছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ জানান, হাসপাতালে আনার আগেই ওই আনসার কর্মকর্তার মৃত্যু হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া পুলিশ সম্পন্ন করছে।














