মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে এক তরুনীর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে মাদকের নতুন সংস্ককরণ ক্রিস্টাল মিথাইল এমফিটামিন ‘আইস’।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় পূর্বের খবর অনুযায়ী বাসে তল্লাশি চালিয়ে ৯৫ গ্রাম পরিমাণ মরণঘাতি এ মাদক উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক বহনকারী ২২ বছর বয়সি এক তরুনীকেও আটক করে পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, পূর্বের খবর অনুযায়ী মহাসড়কের সোনাপাহাড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে নুসরাত ফাতেমা নামের ওই তরুনীর কাছ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের দায়ে ওই তরুনীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত তরুনী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা মাদক বহনের কথা স্বীকার করেছে। এসব মাদক চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপ পরিদর্শক) মো. সাইফুল ইসলাম শুক্রবার দিবাগত রাত ১০টার নাগাদ জানান, চট্টগ্রাম নগরীর এক ব্যক্তি থেকে এসব আইস নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়। এসব মাদক বিক্রির সাথে কারা যুক্ত তাও আমরা খতিয়ে দেখছি। ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাধারা/এফএস/এফএস













