১ মে ২০২৬

মে দিবসে সাংবাদিক নেতাদের দাবি : স্বাধীন সাংবাদিকতা ও ন্যায্য অধিকার নিশ্চিত হোক

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার ও বিরোধী দলের দোহাই দিয়ে একটি ক্ষুদ্র চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে তালা ঝুলিয়ে এবং চট্টগ্রাম প্রেসক্লাব দখল করে রেখেছে। এতে শুধু উল্লেখিত দলগুলোর ভাবমূর্তিই ক্ষুণ্ন হচ্ছে না, স্বাধীন ও নির্মোহ সাংবাদিকতার পথও রুদ্ধ হচ্ছে। চট্টগ্রামের সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়।

এ বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের জোর দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, দি ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস. এম. ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, চ্যানেল ২৪-এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল, সিইউজের সদস্য কাউসার ইকবাল, মনির ফয়সাল, এম. এ. হান্নান কাজল, চম্পক চক্রবর্তী, রাজীব রাহুল, রাহুল দাশ নয়ন, ফটোসাংবাদিক কমল দাশ, নিপুল কুমার দে, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ফটোসাংবাদিক রঞ্জিত শীল, সিইউজের সদস্য বিশ্বজিৎ পাল, মো. রুবেল ও অনুজ দে বাপু।

আরও পড়ুন