২৩ অক্টোবর ২০২৬

যেখানে খাবার, সেখানেই ইঁদুর-তেলাপোকা— ‘সাদিয়া কিচেন’কে ৩ লাখ টাকা জরিমানা

রান্নাঘজুড়ে পচা ডিম, ব্রেডক্রাম্ব, ইঁদুর-তেলাপোকার অবাধ বিচরণ, খোলা ড্রেনের পাশেই খাদ্য প্রস্তুত, একই স্থানে মুরগির খামার— এমন অস্বাস্থ্যকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘদিন ধরে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদের ‘সাদিয়া কিচেন’র প্রধান রান্নাঘরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

অভিযানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানের রান্নাঘরে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। সেখানে পচা ডিম ও পচা ব্রেডক্রাম্ব, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ স্থানের মধ্যেই মুরগির খামার, খোলা ড্রেনেজ এবং মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো নানা অনিয়ম পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নিয়ে খাদ্য উৎপাদনেরও প্রমাণ মেলে।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে প্রতিষ্ঠানের প্রধান রান্নাঘরে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি পূর্ণ পরিবেশ এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের একাধিক অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ