২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

যোগ আমাদের ঐক্যবদ্ধ করে, গড়ে তোলে ভারসাম্যপূর্ণ জীবন: হারীশ কুমার

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত যোগ অনুশীলন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৮ শতাধিক মানুষ অংশ নিয়েছেন।

রোববার (২১ জুন) সন্ধ্যায় নগরের টাইগারপাস এলাকায় নেভি কনভেনশন সেন্টারে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকরা যোগ অনুশীলন পরিচালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভারতের সহকারী হাই কমিশনার শ্রী হারীশ কুমার বলেন, “যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ যুক্ত হওয়া বা একত্রিত হওয়া। এটি দেহ, মন ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে।”

তিনি বলেন, “যোগ আমাদের সবাইকে সংযুক্ত করে এবং মানব ঐক্যের ভিত্তি গড়ে তোলে। এটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দেয়, মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার পথ দেখায়। নিয়মিত যোগচর্চা শরীরকে নমনীয় রাখে, শক্তি বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রকে সমৃদ্ধ করে।”

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন। শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি এটি আত্মিক শান্তি ও মানসিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “করোনাভাইরাস আমাদের শিখিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তির গুরুত্ব। নিয়মিত যোগব্যায়াম মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে।”

প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ভারতের উদ্যোগে জাতিসংঘ ২০১৪ সালে দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। প্রায় পাঁচ হাজার বছরের ঐতিহ্যবাহী এই অনুশীলন বর্তমানে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও সুস্থতার অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা, মানসিক স্থিতি ও জীবনীশক্তি বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, শরীরকে সক্রিয় রাখে এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ