চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশে তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মামুন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোহাম্মদ দৌলত (৩৩) নামে এক যুবককে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া শয়নকক্ষের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. মামুন ভূঁইয়া।












