চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া যুবদলের সহ-সভাপতি এবং বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় একদল সন্ত্রাসী প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘মাসুদুল ওষুধ কিনতে বাজারে গিয়েছিলেন। অতর্কিতে কয়েকজন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উইস্থিত সাংবাদিকদের বলেন, ‘গুলির ঘটনা শুনে এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছি।’
প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দলীয় অভ্যন্তরীণ কোন্দল বা দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।













