রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ পুরুষ বন্য হাতিটি অবশেষে মারা গেছে। গত ১৫ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর হাতিটি মারা গেছে বলে জানিয়েছে উত্তর বনবিভাগ।
রোববার (২৬ এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু সালেহ।
তিনি বলেন, শনিবার দিনগত রাতে বা রোববার সকালের দিকে হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গত ১০ এপ্রিল থেকে অসুস্থ বন্য হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আসছিল বন বিভাগ। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি সার্জারি বিভাগের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্ক এবং সিভাসুর একটি যৌথ বিশেষজ্ঞ দল চিকিৎসায় সম্পৃক্ত ছিল।












