২০ এপ্রিল ২০২৬

রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী খুনের প্রধান আসামি সিলেটে গ্রেফতার

রাঙ্গুনিয়াপ্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় কিস্তির টাকা নিয়ে বাকবিতণ্ডায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা খুনের প্রধান আসামি এনামুল হককে (২৭) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এনামুল উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন, কিস্তির টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে খুন হওয়া চম্পা চাকমা খুনের একমাত্র আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ রাত ৭টা ৪৫ মিনিটের দিকে দিকে ধামাইরহাট এইচ এ প্লাজা থেকে অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলেন চম্পাসহ তার অন্য এক সহকর্মী। এসময় কিস্তির টাকা চাওয়ার জেরে আসামি এনামের সাথে চম্পার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এনাম ছুরি দিয়ে চম্পা চাকমার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায়। পরে চম্পাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চম্পা চাকমা রাঙামাটি জেলার বন্দুক ভাঙা ইউনিয়নের ছাক্রাছড়ি এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের রাঙ্গুনিয়া হোছনাবাদ শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার(লোন) হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনারদিন রাত ৩টার দিকে নিহত চম্পা চাকমার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে ঘাতক মো. এনামুল হককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার প্রায় এক মাস পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয় চাঞ্চল্যকর এই খুনের আসামি এনামুল। তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ