চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফাতেমা জাহান মিতি (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিন সৌদিয়া এলাকায় বাবার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা জাহান মিতি ওই এলাকার মো. হারুনের মেয়ে। তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মিতি। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যরা নাস্তা করতে এলেও তিনি কক্ষ থেকে বের হননি। পরে তাঁর মা ডাকতে গিয়ে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের দাবি, মিতি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।













