চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাঙ্গুনিয়ার ৮ নম্বর সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম সরফভাটা কোরবান আলী সওদাগরের বাড়ির মরহুম আবদুল শহীদের ছেলে জাহাঙ্গীর আলম (৫১) এবং ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সারাশিয়া এলাকার মরহুম কালু মিয়ার ছেলে আজম খান।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ অক্টোবর দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-০৬, জিআর নং-৬৮/২৪) তদন্তে এ দুই ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যায়। মামলায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্য এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।’













